বিনোদন ডেস্ক:
জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস-এর বাংলা সংস্করণের সঞ্চালক হিসেবে পর্দায় ফিরছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দীর্ঘদিন ধরে ‘দাদাগিরি’ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের বিনোদন দেওয়ার পর এবার একেবারে ভিন্নধর্মী এই রিয়ালিটি শোতে তাকে দেখা যাবে।
আগামী ৬ মার্চ কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স-এ এক অনুষ্ঠানের মাধ্যমে শোটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। আয়োজিত ওই অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। শোটি সম্প্রচার করবে বাংলা বিনোদন চ্যানেল স্টার জলসা। তবে অনুষ্ঠানটি কবে থেকে এবং কোন সময়ে প্রচারিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
দীর্ঘ বিরতির পর বাংলায় ‘বিগ বস’ ফিরছে নতুন আঙ্গিকে। প্রায় এক দশক আগে অন্য একটি চ্যানেলে শোটির বাংলা সংস্করণ প্রচারিত হয়েছিল। এবার নতুন প্রযোজনা, নতুন পরিকল্পনা এবং সৌরভের সঞ্চালনায় তা আরও বড় পরিসরে দর্শকদের সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে সম্ভাব্য প্রতিযোগীদের তালিকা নিয়ে জল্পনা-কল্পনাও শুরু হয়েছে।
এদিকে সৌরভ গাঙ্গুলিকে ঘিরে আরেকটি বড় খবর হলো তার বায়োপিক নির্মাণ। বলিউড অভিনেতা রাজকুমার রাও তার চরিত্রে অভিনয় করবেন বলে আলোচনা চলছে। বায়োপিকের প্রস্তুতি এবং নতুন রিয়ালিটি শোর সঞ্চালনা—সব মিলিয়ে আবারও বিনোদন অঙ্গনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ‘প্রিন্স অব ক্যালকাটা’ খ্যাত এই তারকা।