June 27, 2026, 6:09 am

সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম মণি

  • Update Time : Monday, March 2, 2026

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি। তিনি বরগুনা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে সচিব কানিজ মওলার স্বাক্ষর রয়েছে।

বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন নূরুল ইসলাম মণি। ওই আসনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ডা. সুলতান আহমদ, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করেন।

ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ঘোষিত ফলে নূরুল ইসলাম মণি পান ৮৯ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. সুলতান আহমদ পান ৮৩ হাজার ১৫ ভোট। ফলে ৬ হাজার ৪১৩ ভোটের ব্যবধানে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

রাজনৈতিক জীবনে নূরুল ইসলাম মণি এর আগেও তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। চতুর্থ ও পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে তিনি সংসদে প্রতিনিধিত্ব করেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততার ধারাবাহিকতায় এবার তাকে জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব দেওয়া হলো।

চিফ হুইপ হিসেবে তিনি সংসদে দলের কার্যক্রম সমন্বয়, আইন প্রণয়ন প্রক্রিয়ায় ভূমিকা রাখা এবং সংসদীয় কার্যক্রমে দলীয় সদস্যদের উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব পালন করবেন। তার নিয়োগকে বিএনপির ভেতরে অভিজ্ঞ নেতৃত্বের মূল্যায়ন হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com