নিজস্ব প্রতিবেদক:
চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সোমবার (২ মার্চ) সকালে বাংলাদেশ পুলিশ সদরদপ্তর থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় পুলিশ সদরদপ্তরের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি কোনোভাবেই বরদাশত করা হবে না। এসব অপরাধ দমনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। মহাসড়কে টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ প্রধান।
আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, ঈদে যানজট নিরসনে কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো ও নির্বিঘ্নে কর্মস্থলে ফিরে আসা নিশ্চিত করতে হবে।
থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে মানবিক ও সদাচরণ করার ওপরও জোর দেন তিনি। আইজিপি বলেন, জনগণ যেন থানা থেকে হাসিমুখে ফিরতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। সেবার মান বাড়িয়ে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি আরও উন্নত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি নিরপরাধ কাউকে হয়রানি না করার কঠোর নির্দেশনাও দেন।
সবশেষে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান পুলিশ প্রধান। তার এ কড়া বার্তা মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।