আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে সামরিক অভিযানে অন্তত ১৩৩ জন তালেবান সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ–এর মুখপাত্র মোশারফ জাইদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera–এর প্রতিবেদনে উঠে এসেছে। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
মোশারফ জাইদির দাবি, পাকিস্তানের অভিযানে আফগান তালেবান বাহিনীর অন্তত ১৩৩ সদস্য নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন। তিনি আরও বলেন, অভিযানে তালেবানের ৮০টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে এবং নয়টি ঘাঁটি দখলে নেওয়া হয়েছে। পাশাপাশি ৮০টিরও বেশি ট্যাংক, কামান ও সাঁজোয়া যান ধ্বংসের কথাও উল্লেখ করেন তিনি।
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে এক্সে পোস্ট দিয়েছেন। অপরদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তান কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে হামলা চালালেও এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সাম্প্রতিক এই অভিযানকে বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সীমান্তরক্ষীদের ওপর আফগান বাহিনীর হামলার জবাব হিসেবে দেখা হচ্ছে। সীমান্তজুড়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। গত বছরের অক্টোবর মাসে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭০ জন নিহত হওয়ার পর সম্পর্কের অবনতি আরও তীব্র হয় এবং সীমান্ত পারাপার কার্যত বন্ধ হয়ে যায়।
ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান তাদের ভূখণ্ডে সক্রিয় পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তবে আফগান তালেবান সরকার এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় কয়েক দফা আলোচনা ও প্রাথমিক যুদ্ধবিরতি হলেও এখনো কোনো স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।
সর্বশেষ পরিস্থিতিতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম প্রদর্শন ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে।