June 27, 2026, 6:10 am

গরুর মাংস ৮০০ টাকা কেজি, কমেছে ব্রয়লারের দাম

  • Update Time : Friday, February 27, 2026

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমজানের দ্বিতীয় সপ্তাহে রাজধানীর বাজারে মাছ, ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দামে বড় ধরনের পরিবর্তন দেখা না গেলেও মাছের উচ্চমূল্যে ক্রেতাদের চাপ বাড়ছে। বাজারে বর্তমানে ২০০ টাকার নিচে কোনো মাছ মিলছে না। অন্যদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০০ টাকায়। তবে স্বস্তির খবর হলো—গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে।

শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট, ধানমন্ডি ও রায়েরবাজার এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। বিক্রেতারা জানান, রমজান উপলক্ষে বাজারে চাহিদা স্থিতিশীল থাকলেও সরবরাহে ঘাটতি নেই।

সরেজমিনে দেখা গেছে, ব্রয়লার মুরগি বর্তমানে কেজিপ্রতি ১৭৫ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে; যা গত সপ্তাহে ছিল ১৯০ থেকে ১৯৫ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা। একইভাবে সোনালি জাতের মুরগির দামও কমে কেজিতে ৩০০ টাকায় নেমেছে, যা সপ্তাহখানেক আগে ছিল ৩২০ টাকা। গরুর মাংসের দাম অপরিবর্তিত থেকে কেজিতে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে গিয়ে দেখা যায়, পাঙ্গাস ২০০–২২০ টাকা, তেলাপিয়া ২০০–২৫০ টাকা, রুই ৩৫০–৪০০ টাকা, মৃগেল ৩০০–৩২০ টাকা, দেশি টেংরা ৪৫০ টাকা, বেলে ২৫০ টাকা, বাইন ৬০০ টাকা, পাবদা ৪০০ টাকা, কই ৩৫০–৪০০ টাকা, শিং ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা, টাকি ৪০০ টাকা এবং সইল ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ির দাম সবচেয়ে বেশি—আকার ও জাতভেদে ৫৫০ থেকে ৯০০ টাকা পর্যন্ত।

মোহাম্মদপুর টাউন হল মার্কেটে বাজার করতে আসা কাঞ্চন মিয়া বলেন, আগে পাঙ্গাস ও তেলাপিয়া তুলনামূলক কম দামে পাওয়া যেত। এখন সেগুলোর দামও ২০০ টাকার ওপরে। রুই, কাতলা বা টেংরা কিনতে গেলে ৩৫০ থেকে ৬০০ টাকার বাজেট লাগছে। নিম্ন আয়ের মানুষের জন্য এত দামে মাছ কেনা কঠিন হয়ে পড়েছে।

বাজারে দেখা গেছে, গরু ও মুরগির তুলনায় মাছের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেশি। অনেকে দাম শুনে চলে যাচ্ছেন। বিক্রেতারা বলছেন, মাছের দাম বেশি হওয়ায় বিক্রি কিছুটা ধীরগতির। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম কমায় ক্রেতাদের আগ্রহ কিছুটা বেড়েছে।

রায়েরবাজারের মুরগি ব্যবসায়ী জামাল হোসেন জানান, বাজারে এখন ব্রয়লার মুরগির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। গত সপ্তাহের তুলনায় দাম কমেছে। ক্রেতা আনিসুল ইসলাম বলেন, তিনি ১৭৫ টাকা কেজি দরে প্রায় এক কেজি সাতশ গ্রামের একটি মুরগি ৩০০ টাকায় কিনেছেন। প্রথম রোজায় একই মুরগি কিনতে কেজিতে ১৯০ টাকা গুনতে হয়েছিল।

রমজানের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন ক্রেতারা। বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন ব্যবসায়ীরাও।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com