June 27, 2026, 6:08 am

আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় আফগানিস্তান

  • Update Time : Friday, February 27, 2026

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের তালেবান সরকার চলমান সংঘাত নিরসনে আলোচনার আহ্বান জানিয়েছে। দেশটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, তারা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী। তবে পাকিস্তান যুদ্ধ অব্যাহত রাখলে আফগানিস্তানও কঠোর জবাব দেবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা বারবার শান্তিপূর্ণ সমাধানের কথা বলেছি এবং এখনো আলোচনার মাধ্যমে বর্তমান লড়াইয়ের অবসান চাই।” একই সঙ্গে তিনি দাবি করেন, আফগান বাহিনী পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে, যা একটি “স্পষ্ট বার্তা” বহন করে।

মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তান কখনোই আন্তরিকভাবে আলোচনায় আগ্রহ দেখায়নি। তিনি আরও জানান, আফগান আকাশসীমায় এখনো পাকিস্তানের গোয়েন্দা বিমান উড়ছে। পাকিস্তানের সেনাবাহিনীর একটি অংশকে তিনি আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য দায়ী করেন।

দীর্ঘদিন ধরে পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগান তালেবান সরকার পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি)-কে মদদ দিচ্ছে। এ অভিযোগের প্রেক্ষিতে গত রোববার আফগান ভূখণ্ডে বিমান হামলা চালায় পাকিস্তান। এর জবাবে গতকাল রাতে আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে বলে জানা গেছে।

মুজাহিদ বলেন, টিটিপি একটি “অজুহাত” মাত্র। এই অজুহাতকে ব্যবহার করে পাকিস্তান অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান যেকোনো “শয়তানি” পদক্ষেপ নিলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

ভারতের সঙ্গে আফগানিস্তানের সুসম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই সম্পর্ক পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না। বরং কাবুল আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার পক্ষে।

সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক আলোচনার উদ্যোগ দ্রুত না নেওয়া হলে সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com