June 27, 2026, 6:07 am

নিজস্ব গাড়িতে চলবেন প্রধানমন্ত্রী, কমানো হলো গাড়িবহর

  • Update Time : Wednesday, February 18, 2026

নিজস্ব প্রতিবেদক:

সরকারি গাড়ি ব্যবহার না করে নিজস্ব গাড়িতে চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের ব্যক্তিগত গাড়ি, নিজস্ব চালক ও নিজ খরচে কেনা জ্বালানি ব্যবহার করছেন। প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে না। বুধবার দিনের কর্মসূচিতে তিনি নিজস্ব সাদা টয়োটা গাড়িতে সাভার ও শেরে বাংলা নগর যান এবং সেখান থেকে একই গাড়িতে সচিবালয়ে পৌঁছান।

যানজট ও জনভোগান্তি কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে। এতদিন যেখানে প্রধানমন্ত্রীর বহরে ১৩-১৪টি গাড়ি থাকত, তা কমিয়ে চারটিতে আনা হয়েছে। এছাড়া তিনি পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের সময় প্রোটোকল অনুযায়ী গাড়িতে জাতীয় পতাকা ব্যবহৃত হবে।

এছাড়া মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুমনের ভাষ্য অনুযায়ী, এতে সচিবালয় এলাকা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াতজনিত যানজট ও ভিআইপি চলাচলের কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুইধারে পোশাকধারী পুলিশের অবস্থান রাখার প্রচলিত বিধানও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সকালে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী প্রথমে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি শেরে বাংলা নগরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মন্ত্রিসভার সদস্যরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত সাশ্রয়ী ব্যয় ও জনভোগান্তি কমানোর বার্তা দিচ্ছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com