নিজস্ব প্রতিবেদক:
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে সিয়াম সাধনা শুরু হচ্ছে। বুধবার ইসলামিক ফাউন্ডেশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Arab News জানায়, সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার সেখানে রমজানের চাঁদ দেখার ঘোষণা দেয়। ফলে সৌদি আরবে বুধবার থেকেই রোজা শুরু হয়েছে।
চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বাংলাদেশেও পবিত্র রমজান মাসের সূচনা হলো। ইসলামী পঞ্জিকার নবম মাস রমজান মুসলমানদের কাছে বছরের সবচেয়ে ফজিলতপূর্ণ ও পবিত্র মাস হিসেবে বিবেচিত। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়।
রমজান মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। মাসের শেষদিকে চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজার সংখ্যা নির্ধারিত হয়। রমজান শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।
এদিকে রমজানকে ঘিরে ইতোমধ্যে মসজিদগুলোতে তারাবির নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটাও বেড়েছে। ধর্মপ্রাণ মুসল্লিরা সিয়াম, নামাজ, কোরআন তিলাওয়াত ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির এই মাসকে বরণ করে নিতে প্রস্তুত।