বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা রণবীর সিংকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। হোয়াটসঅ্যাপে পাঠানো একটি ভয়েস নোটে অভিনেতাকে খুন করার হুমকির পাশাপাশি বড় অঙ্কের অর্থ দাবি করা হয়েছে। ঘটনার পর থেকেই মুম্বাইয়ে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি রণবীর সিংয়ের মোবাইলে অজ্ঞাত পরিচয় থেকে একটি ভয়েস নোট আসে। সেখানে স্পষ্টভাবে হত্যার হুমকি ও চাঁদা দাবি করা হয়। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ, যদিও তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি।
সাম্প্রতিক সময়ে সালমান খান, রোহিত শেট্টি ও কপিল শর্মার মতো একাধিক তারকাকে লক্ষ্য করে হুমকির ঘটনায় আলোচনায় এসেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। ফলে রণবীর সিংকেও একই গোষ্ঠী নিশানা করেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ছয়জন সশস্ত্র দেহরক্ষী নিয়োগ করেছেন। তবে এই বাড়তি নিরাপত্তা তাদের আবাসনের অন্য বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। আবাসনের ম্যানেজিং কমিটির অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই সশস্ত্র রক্ষীরা লবি, জিম ও শিশুদের খেলার জায়গায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করছেন।
এ নিয়ে আবাসনের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগও করা হয়েছে। বাসিন্দাদের দাবি, নিরাপত্তার নামে এ ধরনের ব্যবস্থা তাদের দৈনন্দিন জীবনে ঝুঁকি তৈরি করছে।
এদিকে অনেকেই ধারণা করছেন, রণবীর সিংয়ের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর’-এ তার চরিত্রের কারণেই এই হুমকির সূত্রপাত হতে পারে। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ বা অভিনেতার পক্ষ।
ঘটনাটি ঘিরে বলিউড অঙ্গনে নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।