June 27, 2026, 6:08 am

নোয়াখালীতে এনসিপি প্রার্থীর প্রধান এজেন্টকে কুপিয়ে গুরুতর জখম

  • Update Time : Monday, February 9, 2026

জেলা প্রতিনিধি:

নোয়াখালী-২ আসনে (সেনবাগ–সোনাইমুড়ী) ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়ার প্রধান এজেন্টকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেনবাগ উপজেলার ৩ নম্বর ডুমুরিয়া ইউনিয়নের ২ নম্বর মতইন ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। নির্বাচনী গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা প্রধান এজেন্ট মো. মনির হোসেনের ওপর ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে হামলা চালায়। আহত মনির হোসেন মতইন গ্রামের আবদুর রবের ছেলে।

স্থানীয়রা জানান, হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মনির হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এনসিপি প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া বলেন, “নির্বাচন শুরুর পর থেকেই আমাদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও ভাঙচুর চলছে। ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, কোথাও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে সাহাপুরে আমাদের এক প্রতিনিধির ওপরও হামলা হয়। আজ মনির হোসেনকে হত্যার চেষ্টা করা হয়েছে। এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েমের অপচেষ্টা চলছে।”

তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, হামলার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনী পরিবেশে এমন সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com