June 27, 2026, 6:08 am

বাজারে এলো নতুন ডিজাইনের ১০ টাকার নোট

  • Update Time : Tuesday, February 3, 2026

নিজস্ব প্রতিবেদক:

নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ এবং ‘গ্রাফিতি–২০২৪’-এর শিল্পকর্মকে থিম হিসেবে ধারণ করা এই নোট মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে প্রচলনে আসছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সিরিজের ১০ টাকার নোটে আধুনিক নান্দনিকতা ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এই নোট বিতরণ করা হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন ১০ টাকার নোটটির আকার ১২৩ মিলিমিটার দৈর্ঘ্য ও ৬০ মিলিমিটার প্রস্থ। নোটের সম্মুখভাগের বাম পাশে রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি। মাঝখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়েছে জাতীয় ফুল শাপলার চিত্র। পেছনভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি–২০২৪’-এর শিল্পকর্ম। পুরো নোটজুড়ে গোলাপি রঙের প্রাধান্য দেখা যাবে।

নোটটির নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখের জলছাপ, ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০’, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম, ২ মিলিমিটার চওড়া রঙ পরিবর্তনশীল নিরাপত্তা সুতা, সি-থ্রু ইমেজ এবং মাইক্রোপ্রিন্ট। নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নতুন ১০ টাকার নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকার বিশেষ নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। এসব নমুনা নোট নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর বিভাগ, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com