June 27, 2026, 7:11 am

দেশে পৌঁছেছে প্রায় ৩ লাখ প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট

  • Update Time : Tuesday, February 3, 2026

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো পোস্টাল ব্যালটের একটি বড় অংশ ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের পাঠানো ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ বেলা ১২টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮০ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন।

এছাড়া, ভোট দেওয়া ব্যালটের মধ্যে ৪ লাখ ২৩ হাজার ৭১২টি সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে পাঠানো হয়েছে। এরই মধ্যে ৬ হাজার ৪২টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এ পর্যন্ত দেশের ভেতরে নিবন্ধিত ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত দেশের ভেতরে ১ লাখ ২৫ হাজার ৬৬৮ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৯৬ হাজার ৬৩২ জন ভোট দিয়েছেন এবং ৭০ হাজার ৮১০ জন ভোটার ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৩ হাজার ৬৫৫টি ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান আরও জানান, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com