June 27, 2026, 6:09 am

বিশ্বকাপের সময় বিসিবির আড়াই কোটি টাকার নতুন টুর্নামেন্ট

  • Update Time : Saturday, January 31, 2026

ক্রীড়া প্রতিবেদক:

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় দেশের ক্রিকেটারদের আপাতত কোনো আন্তর্জাতিক ব্যস্ততা নেই। এই সময়ে খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক ক্রিকেটে সক্রিয় রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করেছে। আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ ২০২৬।

এই টুর্নামেন্টে দেশের সেরা টি–টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে তিনটি দল অংশ নেবে। ধুমকেতু একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় টি–টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বার একাদশের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের অধিনায়ক করা হয়েছে আকবর আলিকে।

খেলোয়াড়দের পারিশ্রমিক ও পুরস্কার মিলিয়ে টুর্নামেন্টটিতে মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। কোচিং প্যানেলেও রাখা হয়েছে অভিজ্ঞ ও তারকা কোচদের সমন্বয়। ধুমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী কোচ থাকবেন মোহাম্মদ আশরাফুল।

দুর্বার একাদশের কোচিং স্টাফে প্রধান কোচ হিসেবে থাকছেন মিজানুর রহমান বাবুল এবং সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তুষার ইমরান। অন্যদিকে দুরন্ত একাদশের প্রধান কোচ হান্নান সরকার এবং সহকারী কোচ হিসেবে রয়েছেন রাজিন সালেহ আলম।

এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু করা হচ্ছে, যা ম্যাচের কৌশল ও পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে বিসিবি।

টি–টোয়েন্টি কাপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

দর্শকদের বিনোদনের কথা বিবেচনায় রেখে প্রতিদিন ম্যাচের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল ৪টায় শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা এবং সন্ধ্যা ৬টায় দিনের খেলা শুরু হবে।

টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে—ইস্টার্ন গ্যালারির জন্য ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের জন্য ২০০ টাকা, ক্লাব হাউসের জন্য ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য ১ হাজার টাকা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com