June 27, 2026, 8:19 am

জান্নাতের টিকিট বিক্রির প্রমাণ দেখাতে পারলে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ জামায়াত নেতার

  • Update Time : Saturday, January 31, 2026

জেলা প্রতিনিধি:

জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে—এমন অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন দলটির নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কেউ যদি জামায়াতের দেওয়া জান্নাতের টিকিটের প্রমাণ দেখাতে পারে, তাহলে তারা রাজনীতি ছেড়ে দেবেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াতের কোনো নেতা বা কর্মী কখনো জান্নাতের টিকিট বিক্রি করেনি। এ ধরনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে ছড়ানো হচ্ছে বলে তিনি দাবি করেন। যারা এ অভিযোগ করছে, তারা কোরআন-হাদিস সম্পর্কে অজ্ঞ অথবা ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল ও নেতা একসময় শরীয়তের আইন বিশ্বাস করেন না বলে মন্তব্য করলেও নির্বাচনের সময় ভিন্ন বক্তব্য দেন। একই ব্যক্তি ভিন্ন সময়ে ভিন্ন কথা বললে তাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয় বলেও তিনি উল্লেখ করেন।

ফ্যামিলি কার্ড বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালনা সরকারের দায়িত্ব। কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার আগেই এ ধরনের কার্যক্রম শুরু করলে তা অনৈতিক বলে মন্তব্য করেন তিনি।

নারীদের কর্মঘণ্টা বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের পাঁচ ঘণ্টা কাজের বিনিময়ে আট ঘণ্টার সমান বেতন নিশ্চিত করা হবে, যাতে তারা সংসার ও সন্তান পালনের জন্য পর্যাপ্ত সময় দিতে পারেন।

জনসভায় জয়পুরহাট-১ আসনের জামায়াত প্রার্থী ও জেলা আমির ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জয়পুরহাট-২ আসনের প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ, এবি পার্টির জেলা সভাপতি সুলতান মো. শামছুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম কবিরসহ অন্যান্য নেতারা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com