জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি বিএনপি-সমর্থিত সংগঠনের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চট্টগ্রাম-১০ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আল নোমান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জামায়াত প্রার্থীর গণসংযোগ শেষে ফেরার পথে আমবাগান এলাকায় রেললাইনের পাশে অবস্থিত আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কার্যালয়ের সামনে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা বিএনপি কর্মীরা পাল্টা স্লোগান দিলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জামায়াতে ইসলামীর দাবি, সংঘর্ষে তাদের অন্তত সাতজন কর্মী আহত হয়েছেন। জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালী অভিযোগ করে বলেন, “মিছিল নিয়ে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের সাতজন কর্মী আহত হয়েছেন। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা আশা করছি।”
অন্যদিকে, বিএনপি পক্ষ দাবি করেছে, তাদের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে এবং নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন বলেন, “আমাদের কর্মীরা অফিসে অবস্থান করছিল। হঠাৎ বহিরাগতরা এসে ভাঙচুর ও মারধর শুরু করলে তারা প্রতিরোধ গড়ে তোলে।”
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পাল্টাপাল্টি স্লোগান থেকেই উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “পরবর্তীতে কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে, তবে পুলিশের উপস্থিতিতে কোনো ভাঙচুর হয়নি।”