June 27, 2026, 6:07 am

২৫ জানুয়ারি ফেনী যাচ্ছেন তারেক রহমান

  • Update Time : Wednesday, January 21, 2026

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ বিরতির পর ফেনী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ জানুয়ারি (রবিবার) রাজনৈতিক সফরের অংশ হিসেবে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বিষয়টি নিশ্চিত করেন।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান ঢাকা অথবা চট্টগ্রাম থেকে সড়কপথে ফেনীতে পৌঁছে জনসভায় অংশ নেবেন। দুপুর ৩টায় শুরু হতে যাওয়া এই জনসভাকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনে দলের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন বলেন, তারেক রহমানকে মর্যাদাপূর্ণভাবে বরণ করা হবে এবং এই জনসভার মাধ্যমে ফেনীতে বিএনপির সাংগঠনিক শক্তি তুলে ধরা হবে। তিনি বলেন, এই সমাবেশ থেকেই নির্বাচনী কর্মকাণ্ডের গতি বাড়বে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনে দলের প্রার্থী রফিকুল আলম মজনু বলেন, এই জনসভা ফেনীসহ আশপাশের জেলার নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তিনি জনসভার সফলতা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান জানান।

বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু বলেন, ফেনীর জনসভায় নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার মোট ১৩টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। তিনি সবাইকে সংগঠিত ও সতর্কভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, সমাবেশে শৃঙ্খলা বজায় রাখা হবে সর্বোচ্চ অগ্রাধিকার। কোন ইউনিট কোথায় অবস্থান করবে, সে বিষয়ে জেলা বিএনপি নির্দেশনা দেবে এবং সবাইকে তা মেনে চলতে হবে।

এদিকে, তারেক রহমানের ফেনী সফর সফল করতে মঙ্গলবার বিকেলে শহরের রূপালী কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com