নিজস্ব প্রতিবেদক:
নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনায় রেখে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।
বাংলাদেশে ভারতের প্রধান হাইকমিশন অবস্থিত ঢাকায়। পাশাপাশি খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে ভারতের সহকারী হাইকমিশন রয়েছে। এসব কূটনৈতিক মিশনে কর্মরত কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের পর্যায়ক্রমে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকায় হাইকমিশন ও দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত সহকারী হাইকমিশনসহ সংশ্লিষ্ট সব দপ্তর স্বাভাবিকভাবে খোলা থাকবে এবং নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেবল পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হচ্ছে।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ভারতের এই পদক্ষেপকে নিরাপত্তা বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।