জেলা প্রতিনিধি:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দায়িত্বে থাকা দেড় লাখ পুলিশ সদস্য যদি পেশাদারিত্বের পরিচয় দেন, তবে দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে কোনো পুলিশ সদস্য কোনো প্রার্থী বা তার এজেন্টের কাছ থেকে আর্থিক সুবিধা নিতে পারবেন না। একইভাবে কোনো প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে খাবার গ্রহণও নিষিদ্ধ থাকবে। তিনি বলেন, পুলিশ বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা গেলে নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সীমান্ত দিয়ে অস্ত্র আসার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো নিয়মিত উদ্ধার করছে। বর্তমানে দেশে জঙ্গিবাদ কার্যত নেই বললেই চলে। তবে ফ্যাসিস্ট জঙ্গিরা দেশের বাইরে অবস্থান করছে বলে তিনি মন্তব্য করেন। এসব ব্যক্তিকে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।