June 27, 2026, 7:11 am

মেট্রোরেলের কার্ড রিচার্জের সুবিধা এলো মোবাইল অ্যাপে

  • Update Time : Monday, January 12, 2026

নিজস্ব প্রতিবেদক:

মেট্রোরেলের স্থায়ী কার্ড এখন মোবাইল অ্যাপের মাধ্যমে রিচার্জ করা যাবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপটি এখনো চালু না হলেও শিগগির তা চালু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) কার্যালয়ে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যদিও গত ১ জানুয়ারি থেকেই অ্যাপটি গুগল প্লে স্টোরে ডাউনলোডের জন্য উন্মুক্ত ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সড়ক ও রেলপথ মন্ত্রণালয়–সংক্রান্ত বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, ডিটিসিএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মশিউর রহমান এবং সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার।

এর আগে গত ২৫ নভেম্বর ডিটিসিএর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রিচার্জ সেবা চালু করা হয়। নতুন মোবাইল অ্যাপ যুক্ত হওয়ায় এখন র‍্যাপিড পাস ও এমআরটি পাস যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে ঘরে বসেই রিচার্জ করা যাবে বলে জানিয়েছে ডিটিসিএ।

অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা কার্ড রিচার্জ ও ব্যবহারের তথ্য দেখতে পারবেন। বিকাশ ও রকেটের মাধ্যমে রিচার্জের সুবিধা রয়েছে। পাশাপাশি ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্স কার্ড ব্যবহারের সুযোগও থাকবে।

অ্যাপ ব্যবহারের জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘র‍্যাপিড পাস’ অ্যাপ ডাউনলোড করে সাইন আপ ও লগইন করতে হবে। ওয়েবসাইটে নিবন্ধিত ব্যবহারকারীরা একই তথ্য দিয়ে অ্যাপে প্রবেশ করতে পারবেন। নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর দিয়েই লগইন করতে হবে।

অনলাইন রিচার্জে একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা যোগ করা যাবে। রিচার্জের পর কার্ডটি মেট্রোরেল স্টেশনে থাকা অ্যাড ভ্যালু মেশিনে ছোঁয়াতে হবে। মেশিনে ছোঁয়ানোর আগে রিচার্জ ‘পেন্ডিং’ অবস্থায় থাকবে। রিচার্জ সফল হলে নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে।

তবে ব্ল্যাকলিস্ট, রিফান্ডেড বা অবৈধ অবস্থায় থাকা র‍্যাপিড বা এমআরটি কার্ডে রিচার্জ করা যাবে না। স্টেশনের যন্ত্রে কার্ড ছোঁয়ানো না হলে ৭ দিনের মধ্যে রিচার্জ বাতিল করে টাকা ফেরত নেওয়া যাবে, সেক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com