আন্তর্জাতিক ডেস্ক:
ভয়াবহ অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন হাজার হাজার মানুষ। নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) রোববার (১১ জানুয়ারি) প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন সরকার ও ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের বিরুদ্ধে টানা দুই সপ্তাহের বিক্ষোভে নিহতের সংখ্যা আগের হিসাবের তুলনায় অনেক বেড়েছে। এর আগে সংস্থাটি বিক্ষোভে ৫১ জন নিহত হওয়ার তথ্য দিয়েছিল।
আইনশৃঙ্খলাবাহিনী দাবি করেছে, বিদেশি শক্তির মদদে বিভিন্ন গোষ্ঠী দেশে দাঙ্গা চালাচ্ছে। এ অভিযোগে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে তারা। রোববার কয়েকশ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের জাতীয় পুলিশ।
ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে অন্তত ১৯২ জন নিহত হওয়ার তথ্য তারা নিশ্চিত করেছে। তবে কয়েক দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য সংগ্রহ ও যাচাই ব্যাহত হচ্ছে। ফলে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এতে তিনি সরকারের অর্থনৈতিক পরিকল্পনা, ভর্তুকি ব্যবস্থার সংস্কার এবং চলমান সংকট থেকে উত্তরণের কৌশল তুলে ধরবেন। পাশাপাশি সাম্প্রতিক বিক্ষোভ ও জনগণের দাবির বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করবেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
অন্যদিকে, ইরানে চলমান নজিরবিহীন সরকারবিরোধী আন্দোলনে বিপ্লবী গার্ড বাহিনী কঠোর অভিযান চালাচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানান।