June 27, 2026, 6:09 am

ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ প্রার্থী বৈধ

  • Update Time : Sunday, January 11, 2026

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানিতে ৫৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ জানুয়ারি) ইসিতে মোট ৭০ জন প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে বিকেল ৫টায় ইসি সূত্রে জানানো হয়, এদিন ৭ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে এবং বিভিন্ন কারণে ৬ জনের আপিল শুনানি পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং থাকা প্রার্থীদের নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, আগের দিন বিবেচনাধীন থাকা মুন্সীগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল রোববার মঞ্জুর করা হয়।

ইসি জানিয়েছে, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। শনিবার ১ থেকে ৭০ নম্বর এবং রোববার ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আগামী সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

সংশোধিত তফসিল অনুযায়ী, ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com