নিজস্ব প্রতিবেদক:
ভ্যাট রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে করদাতাদের সব রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই ব্যবস্থায় করদাতারা কোনো সুদ বা জরিমানা ছাড়াই আগে দাখিল করা হার্ড কপি রিটার্ন নিজেরাই ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি দিতে পারবেন।
সোমবার (৫ জানুয়ারি) এ সংক্রান্ত নতুন একটি সাব-মডিউলের কর্মসম্পাদন প্রক্রিয়া নির্ধারণ করে পরিপত্র জারি করেছে এনবিআর। পরিপত্র অনুসরণ করে করদাতারা সরাসরি ই-ভ্যাট সিস্টেমে তাদের পূর্বে দাখিল করা কাগজে জমা দেওয়া রিটার্ন এন্ট্রি করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
এনবিআর জানায়, বিদ্যমান ব্যবস্থায় করদাতাদের পেপার রিটার্ন সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটের সেন্ট্রাল প্রসেসিং সেন্টার (সিপিসি) থেকে ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি করা হতো। এতে ভ্যাট কর্মকর্তারা তথ্য ইনপুট দিতেন। তবে এ প্রক্রিয়ায় ভুল হলে দায় নির্ধারণে জটিলতা তৈরি হতো এবং বিপুল সংখ্যক রিটার্ন এন্ট্রি দিতে দীর্ঘ সময় লাগত।
এর ফলে অনেক ক্ষেত্রে সময়মতো রিটার্ন সিস্টেমে অন্তর্ভুক্ত না হওয়ায় করদাতাদের ওপর স্বয়ংক্রিয়ভাবে সুদ ও জরিমানা আরোপ হতো। পরবর্তীতে এসব করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে চাইলে জরিমানা পরিশোধ না করা পর্যন্ত তা সম্ভব হতো না।
নতুন সাব-মডিউল চালুর ফলে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারায় নির্ধারিত সময়ের মধ্যে যারা হার্ড কপি রিটার্ন দাখিল করেছেন, তারা কোনো ধরনের সুদ বা জরিমানা ছাড়াই নিজেরাই ই-ভ্যাট সিস্টেমে রিটার্ন এন্ট্রি দিতে পারবেন।
এনবিআর আরও জানায়, করদাতাদের ই-মেইল ও মোবাইল ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ই-ভ্যাট সিস্টেমের লিংক পাঠানো হবে। সেই লিংক ব্যবহার করে সহজেই ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’ সাব-মডিউলে প্রবেশ করা যাবে।
আগে দাখিল করা সব পেপার রিটার্ন আগামী ৩১ মার্চ পর্যন্ত জরিমানা ও সুদ ছাড়াই ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি দেওয়ার সুযোগ থাকবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে ভবিষ্যতে করদাতারা নিরবচ্ছিন্নভাবে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন।
এ উদ্যোগের মাধ্যমে ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং কর প্রশাসনের পূর্ণ ডিজিটাল রূপান্তর আরও গতিশীল হবে বলে আশা করছে এনবিআর। এজন্য করদাতাদের সার্বিক সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।