June 27, 2026, 8:19 am

ইরানে বিক্ষোভ সহিংস, সংঘর্ষে কয়েকজন নিহত

  • Update Time : Friday, January 2, 2026

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশটির বিভিন্ন এলাকায় সংঘর্ষে কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একাধিক সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থা হতাহতের তথ্য নিশ্চিত করেছে। আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ ‘বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের’ বরাতে জানায়, বৃহস্পতিবার সকালে পূর্ব ইরানের লোরদেগান এলাকায় পুলিশ ও সশস্ত্র বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়।

মানবাধিকার সংস্থা হেঙ্গোও জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। সংস্থাটির দাবি, বিক্ষোভ দমনে সরাসরি গুলি চালানো হয়েছে।

এর আগে বুধবার রাতে ইসলামিক বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট আধাসামরিক বাহিনী বাসিজের এক সদস্য আমিরহোসাম খোদায়ারির মৃত্যুর খবর পাওয়া যায়। ওই ঘটনায় আরও অন্তত ১৩ জন আহত হন। একই দিনে ইসফাহান প্রদেশে এক বিক্ষোভকারীকে গুলি করে হত্যার তথ্যও জানায় হেঙ্গো।

বৃহস্পতিবার ফার্স প্রদেশের মারভদাশতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ ছাড়া কেরমানশাহ, খুজেস্তান ও হামেদান থেকে একাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

ইরানে বর্তমানে মূল্যস্ফীতি ৪০ শতাংশ ছাড়িয়েছে, ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই পরিস্থিতিতে প্রথমে ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করেন, যা ধীরে ধীরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং সহিংসতার মাত্রাও বাড়তে থাকে।

উদ্ভূত পরিস্থিতিতে ইরান সরকার ব্যবসায়ী ও ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে সরাসরি সংলাপের প্রস্তাব দিয়েছে। তবে ওই সংলাপে কী বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com