June 27, 2026, 6:10 am

মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছি: জয়শঙ্কর

  • Update Time : Wednesday, December 31, 2025

নিজস্ব প্রতিবেদক:

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ ভারত–বাংলাদেশ অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশনা দেবে।

বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান জয়শঙ্কর।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা পৌঁছানোর পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।

জয়শঙ্কর আরও উল্লেখ করেন, তার বিশ্বাস—বেগম খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ দুই দেশের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে অনুপ্রেরণা জোগাবে।

বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বুধবার দুপুরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিকেলেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এস. জয়শঙ্করই প্রথম ভারতীয় মন্ত্রী হিসেবে ঢাকা সফর করেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com