June 27, 2026, 6:10 am

ভোলায় বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, বিজেপি কার্যালয়ে হামলা–ভাঙচুর

  • Update Time : Monday, December 29, 2025

নিজস্ব প্রতিবেদক:

ভোলায় ছাত্রদল নেতা সিফাত হাওলাদার হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বিএনপির অভিযোগ, মিছিল লক্ষ্য করে বিজেপির নেতাকর্মীরা ককটেল নিক্ষেপ করেছে। অন্যদিকে বিজেপির দাবি, বিএনপি নেতাকর্মীরাই তাদের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা শহরের নতুন বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেলে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ছাত্রদল নেতা সিফাত হাওলাদার হত্যার বিচারের দাবিতে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাংলাস্কুল মোড় হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পেছনের অংশে কয়েকটি ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। পরে নতুন বাজার এলাকায় অবস্থিত জেলা বিজেপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করে।

ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান দাবি করেন, মিছিল চলাকালে বিজেপির কার্যালয় থেকে ককটেল নিক্ষেপ করা হয়। বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি বলেন, বিজেপির নেতাকর্মীরাই নিজেদের কার্যালয় ভেঙে বিএনপির ওপর দায় চাপাচ্ছে।

অন্যদিকে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মো. মোতাসিম বিল্লাহ অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে উত্তেজনা সৃষ্টি করে এবং তালাবদ্ধ বিজেপি কার্যালয়ে হামলা চালায়। তাঁর দাবি, ঘটনার সময় সেখানে বিজেপির কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সিফাত হাওলাদার হত্যাকাণ্ডটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে এবং এতে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন, একজন আসামি গ্রেপ্তার হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে মিছিল বের করা হয় এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না তা তদন্ত করে নির্বাচন কমিশনকে জানানো হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com