নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে অংশ নেবেন না। দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তাঁকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে নাহিদের পাশেই উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ।
নাহিদ ইসলাম বলেন, অনলাইনে অনুষ্ঠিত এনসিপির রাজনৈতিক পর্ষদের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, এনসিপি ইতোমধ্যে নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, আসিফ মাহমুদ নিজে নির্বাচনে অংশ নেবেন না। বরং দলের মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি ও বিজয় নিশ্চিত করতে সাংগঠনিকভাবে কাজ করবেন। সেই লক্ষ্যেই তাঁকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।