June 27, 2026, 6:09 am

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি

  • Update Time : Wednesday, December 24, 2025

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকেও আলাদা নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, তারেক রহমানের নিরাপদ আগমন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে আগেই প্রস্তুত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জননিরাপত্তা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বাসসকে বলেন, তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় তাঁর নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও তাঁর জন্য ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমানের চলাচলের সময় থাকবে পুলিশি পাহারা ও বিশেষ নিরাপত্তা। তাঁর বাসভবন ও কার্যালয়েও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। উর্দিধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকের গোয়েন্দারাও সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন।

ডিএমপি সূত্র জানায়, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের যাত্রাপথে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি মাঠে থাকবে ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিমের সদস্যরা। স্বদেশ প্রত্যাবর্তনের দিন পুরো মহানগরজুড়েই সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হবে।

এদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা জানাতে রাজধানীতে বড় ধরনের জনসমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএনপি ইতিমধ্যে নেতা-কর্মীদের শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে বিএনপির পক্ষ থেকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম কাজ করবে। বিমানবন্দর থেকে গুলশানে তাঁর বাসভবন পর্যন্ত কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রায় দেড় যুগ পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতারা জানিয়েছেন, ওই দিন ঢাকায় পৌঁছালে দলের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com