June 27, 2026, 7:11 am

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

  • Update Time : Monday, December 22, 2025

নিজস্ব প্রতিবেদক:

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি। সোমবার (২২ ডিসেম্বর) বঙ্গভবনে তার নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সরকারের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন এবং পরে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে মাস্টার্স সম্পন্ন করেন।

১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন জুবায়ের রহমান চৌধুরী। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়।

এরপর ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরদিন ১৩ আগস্ট তিনি এ পদে শপথ গ্রহণ করেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com