জেলা প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন কল্পলোক আবাসিক জামে মসজিদের খতিব ইমরানুল হক সায়েম।
এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে একটি মিছিল নগরের নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে দুপুরে নগরের জামালখান প্রেসক্লাবের সামনে আরেকটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মাহবুবুল হকের ছোট ভাই মঞ্জু মাহিম জানাজায় ইমামতি করেন। এতে জুলাই আন্দোলনের যোদ্ধা, ছাত্র-জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। জানাজা শেষে অংশগ্রহণকারীরা হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
এ ছাড়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেন। গুলিবিদ্ধ হওয়ার আগে তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।