June 27, 2026, 6:08 am

এনসিপি নেত্রী রুমীর দাফন সম্পন্ন

  • Update Time : Friday, December 19, 2025

নিজস্ব প্রতিবেদক:

এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর (৩০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

জান্নাতারা রুমী এনসিপির ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার জাকির হোসেনের মেয়ে। রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকার একটি ভাড়া বাসায় তিনি বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাতারা রুমীর দুই বোন ও এক ভাই রয়েছে। ছোট বয়সেই তাঁর মা মারা যান। পরে তাঁর বাবা দ্বিতীয় বিয়ে করলে রুমী ভাই ও চাচাদের সঙ্গেই বেড়ে ওঠেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় হন। প্রথমে জেলা কমিটিতে কাজ করার পর ঢাকায় এসে দলের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন। সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে এক নারীকে মারধরের ঘটনায় তিনি আলোচনায় আসেন।

রুমীর চাচাতো ভাই মেহেদী হাসান জানান, পরিবারের সম্মতিতেই রাতে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরিবার এটিকে আত্মহত্যা হিসেবেই দেখছে এবং এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চায় না বলে তিনি জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে রাত ১২টার দিকে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হলে তাঁরা তা নওগাঁর পত্নীতলায় নিয়ে যান।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com