নিজস্ব প্রতিবেদক:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা বলেন, শহীদ শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
রাষ্ট্রীয় শোক উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবনে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এ ছাড়া দেশজুড়ে বিশেষ দোয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামীকাল শুক্রবার বাদ জুম্মা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে।
ভাষণে প্রধান উপদেষ্টা হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং এ শোকের সময়ে দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান।