নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। কাতার সরকারের ব্যবস্থাপনায় পাঠানো এই অ্যাম্বুলেন্সটি শনিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পরে একই দিন সন্ধ্যা বা রাতে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা করবে বিমানটি।
ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাতার সরকারের উদ্যোগে জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে এবং তা শনিবার বিকেলে ঢাকায় নামবে।
কূটনৈতিক সূত্র জানায়, জার্মান প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি ‘এফএআই রেন্ট-এ-জেট জিএমবিএইচ’-এর সিএল৬০ (বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজ) জেট ব্যবহার করা হবে। বিমানটি ঢাকা থেকে জর্জিয়ার রাজধানী তিবলিসি হয়ে সরাসরি লন্ডন যাবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কাতার রাজপরিবারের প্রাথমিকভাবে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ায় কাতারের আমির প্রতিশ্রুতি অনুযায়ী বিকল্প অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন। তিনি দাবি করেন, জার্মান নির্মিত হলেও এ অ্যাম্বুলেন্সটিও কাতারের ব্যবহৃত বিমান।
শুক্রবার ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার মধ্যরাতে নির্ধারিত অ্যাম্বুলেন্স পৌঁছায়নি। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি সমস্যা সমাধান হলে নতুন অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছাবে।
তিনি বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা উপযুক্ত হলে এবং মেডিকেল বোর্ড সম্মতি দিলে ৭ তারিখ (রোববার) তিনি লন্ডন ফ্লাই করবেন।”
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তার উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে।