নিজস্ব প্রতিবেদক:
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়ার’-এর প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৩৪ জনের মৃত্যু এবং দুই শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। বুধবার (৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুসারে বন্যায় ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১ লাখ ২৩ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। মানবিক বিপর্যয়ের মুখে শ্রীলঙ্কা আন্তর্জাতিক সহায়তা চেয়ে আবেদন করলে এবং কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশনের কাছে জরুরি ত্রাণ সহায়তার অনুরোধ জানালে বাংলাদেশ সরকার তাৎক্ষণিক উদ্যোগ নেয়।
প্রধান উপদেষ্টার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান বুধবার ত্রাণসহ কলম্বোর উদ্দেশে যাত্রা করে। বিমানটির মিশন কমান্ডারের দায়িত্ব পালন করেন এয়ার কমডোর মোহাম্মদ সহিদুল ইসলাম। ১৫ সদস্যের ফ্লাইট ক্রু, সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এ অভিযানে অংশ নেন।
প্রায় ১০ টন ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে—তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চলাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লাভস, রেসকিউ হেলমেট ও প্রচুর ওষুধ। ত্রাণ বিতরণ শেষে সি-১৩০জে বিমানটি একই দিন দেশে ফিরবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী আশা প্রকাশ করেছে, এই মানবিক সহায়তা শ্রীলঙ্কার দুর্যোগ–পীড়িত মানুষের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে বৈশ্বিক মানবিক পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী সহায়তা প্রদান অব্যাহত থাকবে।