নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য থেকে আসার কথা থাকা বিশেষজ্ঞ মেডিকেল টিমের প্রধান রিচার্ড বেলে (Richard Beale) ঢাকায় পৌঁছেছেন। বুধবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারক করছে। হাসপাতাল সূত্র জানায়, স্থানীয় বিশেষজ্ঞদের পাশাপাশি চীনের ১০ সদস্যের একটি মেডিকেল টিমও চিকিৎসায় যুক্ত আছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন বন্ধুসুলভ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা তার চিকিৎসায় সহযোগিতা করছেন।
গত ২৩ নভেম্বর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয় এবং বোর্ডের পরামর্শে ভর্তি করা হয়। তিনি আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসজনিত জটিলতা, চোখের সমস্যা এবং অন্যান্য দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। বর্তমানে সিসিইউতে তার চিকিৎসা চলছে এবং তিনি ধীরে ধীরে সাড়া দিচ্ছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।