নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেডিকেল বোর্ডের দেশি–বিদেশি বিশেষজ্ঞরা সিসিইউতেই খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, খালেদা জিয়ার নিউমোনিয়া ধরা পড়েছে এবং তাঁর ‘মাল্টি ডিজিজ জটিলতা’ থাকায় একযোগে সব চিকিৎসা দেওয়া সম্ভব নয়। ঝুঁকি এখনো রয়েছে। বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার রিপোর্টে ভালো ও খারাপ—দুই ধরনের ফল এসেছে।
গত রোববার রাত ৮টার দিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান হাসপাতালে উপস্থিত আছেন। দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন খালেদা জিয়া।