জেলা প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর–খড়ারচর আঞ্চলিক সড়কে আগুনের সূত্রপাত হয়।
ধামরাই ফায়ার সার্ভিসের সাব অফিসার শামসুল হক জানান, চালক বাসটি পার্কিং করে চলে যাওয়ার পর স্থানীয়রা হঠাৎ আগুন জ্বলতে দেখেন। পরে চালক ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও যাওয়ার আগেই আগুন নেভানো হয়।
চালকের দাবি, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে ২–৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা।