নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আইবিএ ইউনিট দিয়ে আজ শুক্রবার (২৮ নভেম্বর) শুরু হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষা। পরীক্ষার প্রবেশপত্র ইতোমধ্যে প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাবির ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত সূচি অনুযায়ী— ২৯ নভেম্বর: চারুকলা ইউনিটের সাধারণ জ্ঞান ও অঙ্কন পরীক্ষা, ৬ ডিসেম্বর: ব্যবসায় শিক্ষা ইউনিট, ১৩ ডিসেম্বর: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ও ২০ ডিসেম্বর: বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলতি বছরের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ২৯ অক্টোবর এবং শেষ হয়েছে ১৯ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। পাঁচটি ইউনিটে মোট ৬ হাজার ১২৫টি আসনের বিপরীতে বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে আইবিএ ইউনিটের ১২০টি আসনে আবেদন জমা পড়েছে ১১ হাজারের বেশি, যা প্রতিযোগিতা আরও তীব্র করে তুলেছে।