June 27, 2026, 6:11 am

জাতীয় নির্বাচনে খালেদা জিয়া লড়বেন তিন আসনে, তারেক রহমান একটিতে

  • Update Time : Monday, November 3, 2025

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী–১, বগুড়া–৭ ও দিনাজপুর–৩ আসন থেকে নির্বাচন করবেন। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া–৬ আসনে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও–১ আসনে প্রার্থী হচ্ছেন। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের এই নামগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তিনি।

মির্জা ফখরুল জানান, যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর তালিকা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। এছাড়া কয়েকটি আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থী চূড়ান্তকরণ ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন ও হাফিজ উদ্দিন আহমেদসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com