June 27, 2026, 6:12 am

আমরণ অনশনে ৬ শিক্ষক অসুস্থ

  • Update Time : Tuesday, October 21, 2025

নিজস্ব প্রতিবেদক:

২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে অন্তত ৬ জন ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজীজি।

মঙ্গলবার সকালে তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

চলমান আন্দোলনের অংশ হিসেবে ওই দিন দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। আগের দিন (২০ অক্টোবর) দুপুরে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এ সময় এক হুঁশিয়ারিতে অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজীজি বলেন, “আমরা ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি সরকার প্রজ্ঞাপন না দেয়, তবে যে পরিস্থিতি সৃষ্টি হবে, তা বাংলাদেশে নজিরবিহীন হবে। প্রয়োজনে সারা দেশের শিক্ষক-কর্মচারীদের ঢাকায় এনে যমুনা ভবন ঘেরাও করব।”

উল্লেখ্য, শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার দাবিতে ১২ অক্টোবর থেকে আন্দোলনে রয়েছেন।

সেদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হলেও পুলিশের অনুরোধে তারা শহীদ মিনারে যান। পরে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটার মাধ্যমে তাদের সরিয়ে দেয়। ওই ঘটনার প্রতিবাদে ১৪ অক্টোবর থেকে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে লাগাতার কর্মবিরতি। এরপর থেকে শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাব ও শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে লংমার্চ ও শাহবাগ অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com