June 27, 2026, 6:12 am

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

  • Update Time : Friday, September 26, 2025

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারাদেশেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিন রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা-অন্ধ্র উপকূলের কাছাকাছি অবস্থান করছে এবং আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্র হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। যদিও দেশের ওপর মৌসুমি বায়ু কিছুটা দুর্বল, তবে উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।

এদিন সকাল থেকে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকায় দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ সময় রাতের তাপমাত্রাও সামান্য কমবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে সোমবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকাসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগে দু-এক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওই দিন তাপমাত্রা দিনে ও রাতে সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com