June 27, 2026, 7:17 am

নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ইউনূস

  • Update Time : Tuesday, September 23, 2025

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। এ বিষয়ে দেশ সম্পূর্ণ প্রস্তুত।”

বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা বিষয়ে আলোচনার সময় বাণিজ্য, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ভ্রান্ত তথ্য প্রচারের বিষয় উঠে আসে। ইউনূস কক্সবাজারে অবস্থানরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের টেকসই সহায়তা কামনা করেন। জবাবে মার্কিন পক্ষ রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেয়।

প্রধান উপদেষ্টা জানান, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সার্ক সম্মেলন স্থগিত রয়েছে, তবে বর্তমান অন্তর্বর্তী সরকার এই আঞ্চলিক জোটকে পুনরুজ্জীবিত করতে সক্রিয় ভূমিকা নিচ্ছে।

তিনি বলেন, “দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে বাংলাদেশের সংযুক্তি আমাদের উন্নয়নকে বহুগুণে ত্বরান্বিত করতে পারে। এজন্য বাংলাদেশ আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে।”

নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

“আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও দ্রুততর করতে পারব,” বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকের শেষে ইউনূস, সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com