June 27, 2026, 6:10 am

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

  • Update Time : Friday, August 8, 2025

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এক সাংবাদিককে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (রাত ৮টার দিকে) মসজিদ মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান তুহিন (৪০) ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে তুহিনের সঙ্গে ৪-৫ জন যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তি একজন পেশাদার সাংবাদিক ছিলেন। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

দৈনিক প্রতিদিনের কাগজ-এর সম্পাদক খায়রুল আলম রফিক জানান, তুহিন দীর্ঘ পাঁচ বছর ধরে গাজীপুরে পত্রিকাটির স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com